
নিজস্ব প্রতিনিধি: চেক ডিজঅনার মামলায় গ্রেপ্তারি পরোয়ানা বা ওয়ারেন্টভুক্ত আসামি মীর মোশারেফ অমিকে সদস্যসচিব করে গঠন করা হয়েছে ‘আমরা ভোলাবাসী’র কমিটি। সংগঠনটির গুরুত্বপূর্ণ পদে অমির মতো একজন ওয়ারেন্টভুক্ত আসামিকে রাখা নিয়ে ভোলাবাসীর মধ্যে প্রচণ্ড ক্ষোভ দেখা দিয়েছে।
শনিবার (৩ মে) অমিকে সদস্যসচিব করে এ কমিটি ঘোষণা করা হয়।
জানা গেছে, অমি মীর সিটি নামে একটি কোম্পানির পরিচয়ে মানুষের কাছ থেকে প্রতারণা করে প্রচুর টাকা হাতিয়ে নিয়েছে। ভুক্তভোগীরা টাকা উদ্ধারে চাপ প্রয়োগ করলে মীর সিটি নামে অফিস রাজধানীর উত্তরা থেকে মোহাম্মদপুরে স্থানান্তর করা হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ভোলাবাসী জানান, অমি আওয়ামী লীগের আমলে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের শেল্টারে সামাজিক কার্যক্রম পরিচালনার নামে মোটা অংকের টাকা হাতিয়ে নিতো। এখন ভোলা সদরে বাড়ি এক কেন্দ্রীয় ছাত্রদলের নেতা তাকে শেল্টার দিচ্ছে।
জানা গেছে, অমিকে শীঘ্রই সদস্যসচিবের পদ থেকে সরিয়ে দেয়া হবে। এ ব্যাপারে জানতে চাইলে ভোলা জেলা বিএনপি ও ‘আমরা ভোলাবাসী’ কমিটির আহ্বায়ক গোলাম নবী আলমগীর বলেন, মীর অমি একজন ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি এই বিষয়টি আমার জানা ছিল না। তবে এ ব্যাপারে আমরা খতিয়ে দেখে সিদ্ধান্ত নিবো।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)র মিডিয়া বিভাগের ডিসি মুহাম্মদ তালেবুর রহমান জানান, ওয়ারেন্ট কার্যকর করার ক্ষেত্রে কোন ধরনের শিথিলতা গ্রহণযোগ্য নয়। এ বিষয়ে সংশ্লিষ্ট থানাকে অবহিত করবেন বলেও জানান এই কর্মকর্তা।
Leave a Reply