
মনপুরা (ভোলা) প্রতিনিধি।। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোলার মনপুরা উপজেলার ভোটারদের মাঝে আতঙ্ক ও রাজনৈতিক মহলে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আমিমুল ইহসান জসিম’র একটি ব্যক্তিগত ফেসবুক পোস্টকে কেন্দ্র করে সাধারণ ভোটারদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থানীয় নেতারা।
অভিযোগ সূত্রে জানা যায়, সম্প্রতি নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া একটি স্ট্যাটাসে আমিমুল ইহসান জসিম লেখেন, “হ্যাঁ, এবার হবে প্রতিরোধ। গণপ্রতিরোধ। আওয়ামী কায়দায় কেন্দ্র দখলের চিন্তা যদি কেউ আবারও করে থাকে, তবে যেন তারা জনতার মুখোমুখি হওয়ার প্রস্তুতি নেয়; তবে যেন তারা কেন্দ্রে আসার পূর্বে পরিবার হতে বিদায় নিয়ে নেয়।”
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারী) রাত সাড়ে ৯ টায় ফেসবুকে দেয়া এই স্ট্যাটাসকে জনমনে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। মূহুর্তেই স্ট্যাটাসটি নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে। এবং এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
বিএনপির নেতাদের দাবি, এই বক্তব্য সরাসরি প্রাণনাশের হুমকির শামিল এবং তা নির্বাচনী পরিবেশকে ভয়ভীতি ও আতঙ্কের দিকে ঠেলে দিচ্ছে।
তারা বলেন, এমন বক্তব্য সাধারণ ভোটারদের ভোটকেন্দ্রে যেতে নিরুৎসাহিত করতে পারে এবং একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের পথে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে।
বিএনপির স্থানীয় এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “নির্বাচনের আগে এ ধরনের উসকানিমূলক বক্তব্য স্পষ্টতই আইন ও নির্বাচনী আচরণবিধির পরিপন্থী। এতে সাধারণ মানুষের মনে ভয় কাজ করছে।”
এ ঘটনায় নির্বাচন কমিশন ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বিএনপি নেতারা অবিলম্বে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। একই সঙ্গে তারা মনপুরায় শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে কঠোর নজরদারি ও নিরাপত্তা জোরদারের আহ্বান জানান।
এ বিষয়ে অভিযুক্ত উপজেলা জামায়াতে ইসলামীর আমির আমিমুল ইহসান জসিম বলেন, আমার মোবাইল টা অন্য একজনের কাছে ছিলো সে এই পোস্ট করেছে। আমি পোস্ট টি দেখতে পেয়ে দ্রুত ডিলিট করে দিয়েছি। তিনি আরও বলেন আমরা চাই দেশে সুন্দর একটা নির্বাচন হোক।
Leave a Reply