
নিজস্ব প্রতিবেদক: দূর্নীতি, সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে কাজ করে যাওয়া সামাজিক সংগঠন দূর্নীতি, সন্ত্রাস ও মাদকমুক্ত মঞ্চ-এর কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা হিসেবে মনোনীত হয়েছেন সার্কভুক্ত দেশগুলোর সমন্বয়ে গঠিত সার্ক সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক আব্দুর রহমান।
সম্প্রতি সংগঠনটির কেন্দ্রীয় কমিটির এক সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয় বলে জানা গেছে। সংগঠনের দায়িত্বশীল সূত্র জানায়, আব্দুর রহমানের দীর্ঘদিনের সাংবাদিকতা অভিজ্ঞতা, আন্তর্জাতিক পরিমণ্ডলে তার সক্রিয় ভূমিকা এবং সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে তার সম্পৃক্ততার স্বীকৃতিস্বরূপ তাকে এ গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করা হয়েছে।
জানা গেছে, আব্দুর রহমান সার্ক অঞ্চলের বিভিন্ন দেশের সাংবাদিকদের মধ্যে সমন্বয়, তথ্য আদান-প্রদান এবং পেশাগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। একই সঙ্গে তিনি গণমাধ্যমের মাধ্যমে সমাজের অসঙ্গতি তুলে ধরা, দুর্নীতির বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছেন।
নবনিযুক্ত উপদেষ্টা আব্দুর রহমান দায়িত্ব পাওয়ার প্রতিক্রিয়ায় বলেন,
“দূর্নীতি, সন্ত্রাস ও মাদক আমাদের সমাজের বড় সমস্যা। এগুলো নির্মূলে সবাইকে একসাথে কাজ করতে হবে। আমি এই সংগঠনের মাধ্যমে দেশ ও সমাজের কল্যাণে কাজ করে যেতে চাই।”
তিনি আরও বলেন, “তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক আন্দোলন গড়ে তোলা অত্যন্ত জরুরি। গণমাধ্যম এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।”
সংগঠনটির সভাপতি সামসুর রহমান সোহেল (আর বি) জানান, আব্দুর রহমানের মতো একজন অভিজ্ঞ ও আন্তর্জাতিক পরিমণ্ডলে সুপরিচিত ব্যক্তিত্বকে উপদেষ্টা হিসেবে পেয়ে তারা আশাবাদী। তার দিকনির্দেশনা সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করবে বলে তারা মনে করেন।
তিনি আরও জানান, সংগঠনটি ভবিষ্যতে দেশব্যাপী দূর্নীতি, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি, সামাজিক আন্দোলন গড়ে তোলা এবং তরুণ সমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করবে।
উল্লেখ্য, দূর্নীতি, সন্ত্রাস ও মাদকমুক্ত মঞ্চ দীর্ঘদিন ধরে সমাজের বিভিন্ন স্তরে সচেতনতা বৃদ্ধি, অপরাধ প্রতিরোধ এবং একটি সুন্দর ও নিরাপদ বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
Leave a Reply