
নিজস্ব প্রতিবেদক: দূর্নীতি, সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাওয়া সামাজিক সংগঠন দূর্নীতি, সন্ত্রাস ও মাদকমুক্ত মঞ্চ-এর কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা হিসেবে মনোনীত হয়েছেন ফেডারেল অব বাংলাদেশ জার্নালিস্ট এসোসিয়েশন-এর মহাসচিব এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র ও আসক ফাউন্ডেশন-এর চেয়ারম্যান মো. শামসুল আলম।
সম্প্রতি সংগঠনটির কেন্দ্রীয় কমিটির এক সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয় বলে জানা গেছে। সংগঠনের দায়িত্বশীল সূত্র জানায়, সাংবাদিকতা ও মানবাধিকার খাতে দীর্ঘদিনের অভিজ্ঞতা, দক্ষ নেতৃত্ব এবং সমাজ উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকার স্বীকৃতিস্বরূপ তাকে এ গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করা হয়েছে।
জানা গেছে, মো. শামসুল আলম দীর্ঘদিন ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত থেকে দেশের বিভিন্ন সামাজিক সমস্যা, দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করে আসছেন। পাশাপাশি তিনি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার মাধ্যমে অসহায় ও নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানো, আইনি সহায়তা প্রদান এবং মানবাধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন।
নবনিযুক্ত উপদেষ্টা মো. শামসুল আলম তার প্রতিক্রিয়ায় বলেন,
“দূর্নীতি, সন্ত্রাস ও মাদক আমাদের সমাজের জন্য মারাত্মক হুমকি। এই সমস্যা থেকে উত্তরণের জন্য সম্মিলিত উদ্যোগ ও সচেতনতা অত্যন্ত জরুরি। আমি এই সংগঠনের মাধ্যমে দেশ ও সমাজের কল্যাণে কাজ করে যেতে চাই।”
তিনি আরও বলেন, “একটি সুস্থ ও নিরাপদ সমাজ গড়ে তুলতে হলে তরুণ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করতে হবে এবং সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মানবাধিকার প্রতিষ্ঠা এবং ন্যায়বিচার নিশ্চিত করাও এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”
সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি সামসুর রহমান সোহেল (আর বি) জানান, মো. শামসুল আলমের মতো অভিজ্ঞ ও বহুমুখী কর্মকাণ্ডে সম্পৃক্ত একজন ব্যক্তিত্বকে উপদেষ্টা হিসেবে পেয়ে সংগঠনের সকলে অত্যন্ত আশাবাদী। তার দিকনির্দেশনা সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করবে বলে তিনি মনে করেন।
তারা আরও জানান, সংগঠনটি ভবিষ্যতে দেশব্যাপী দূর্নীতি, সন্ত্রাস ও মাদকবিরোধী জনসচেতনতা গড়ে তোলা, সামাজিক আন্দোলন জোরদার করা এবং তরুণ সমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করবে।
উল্লেখ্য, দূর্নীতি, সন্ত্রাস ও মাদকমুক্ত মঞ্চ দীর্ঘদিন ধরে সমাজে সচেতনতা সৃষ্টি, অপরাধ প্রতিরোধ এবং একটি সুন্দর, নিরাপদ ও মানবিক বাংলাদেশ গঠনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
Leave a Reply